সরকারি চাকরি বিধিমালা ও আচরণবিধি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিয়মবহির্ভূতভাবে নিজের বড় ভাইয়ের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে, পিরোজপুর এর অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তিনি সরকারি লোগোযুক্ত মোটরসাইকেল ব্যবহার করে এই বিশাল নির্বাচনী শোভাযাত্রা ও শোডাউনে সরাসরি অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি উচ্চপদে আসীন থাকা সত্ত্বেও শেখ রফিকুল ইসলাম বাচ্চু সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। সম্প্রতি তিনি তার বড় ভাইয়ের পক্ষে আয়োজিত একটি বিশাল মোটরসাইকেল শোডাউনে নেতৃত্ব দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে প্রাপ্ত ছবিতে দেখা যায়, ওই শোভাযাত্রায় বেশ কয়েকটি মোটরসাইকেল ছিল, যার মধ্যে সরকারি লোগো সম্বলিত যানও ব্যবহার করা হয়েছে।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারেন না কিংবা কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় অংশ বা সহায়তা করতে পারেন না। কিন্তু দায়িত্বশীল পদে থেকে এভাবে প্রকাশ্যে মোটর শোভাযাত্রা এবং সরকারি সম্পদ/লোগো ব্যবহারের ঘটনায় সচেতন মহল ও সুশীল সমাজে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের মতে, সরকারি চাকরির বিধিলঙ্ঘন করে নির্বাচনী রাজনীতিতে অংশ নেওয়া শুধু প্রশাসনিক শৃঙ্খলারই পরিপন্থী নয়, এটি সরকারি পদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে। সচেতন নাগরিকেরা এ বিষয়ে দ্রুত নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথোপযুক্ত প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।