রংপুর ব্যুরো: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

গাইবান্ধায় ১০ কেজি গাঁজাসহ আটক ২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিকাশ বাঁসফোর (২০) ও মো. আকাশ (২০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় পায়ের নীচে রাখা একটি পাটের বস্তা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন গাইবান্ধা পৌরসভার গোডাউন রোডের কাঠপট্টি এলাকার মৃত কার্তিক বাঁসফোরের ছেলে বিকাশ বাঁসফোর এবং একই এলাকার হায়দার মিয়ার ছেলে মো. আকাশ।

আজ ৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ী এলাকায় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের সদস্যরা ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার দুবলাগাড়ী এলাকায় অবস্থান নেয়। এসময় গোবিন্দগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশা থামানো হয়। পরে তল্লাসী চালিয়ে যাত্রীর পায়ের নিচে রাখা একটি পাটের বস্তা থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় সেই দুই যাত্রীকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিচালক শাহ নেওয়াজ বলেন, তাদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।