রিয়াজুল ইসলাম, হাতিয়া প্রতিনিধি , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

হাতিয়ায় নদী ভাঙন রোধ প্রকল্পের জিও টিউব ব্যাগ চুরি, গ্রেপ্তার ২

 

নোয়াখালীর হাতিয়ায় নদী ভাঙন রোধ প্রকল্পের গুরুত্বপূর্ণ উপকরণ জিও টিউব ব্যাগ চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। বুধবার (গতকাল) সন্ধ্যায় ২নং চানন্দী ইউনিয়নের আল-আমিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কয়েকজন ব্যক্তি নদী ভাঙন প্রতিরোধে ব্যবহৃত জিও টিউব ব্যাগ লুট করার চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে দুইজনকে হাতেনাতে আটক করে। পরে তাদের স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।

গ্রেপ্তারকৃতদের পরিচয় পাওয়া গেছে—তারা হলো বাদশা ও মিলন।

এ ঘটনায় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, নদী ভাঙন প্রতিরোধে স্থাপিত এসব জিও টিউব ব্যাগ জনগণের জীবন ও সম্পদ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো চুরি হলে ভাঙন আরও তীব্র হবে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে। তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এ ধরনের চুরির ঘটনা রোধে কড়া নজরদারি চালানো হবে।