বেতাগী ( বরগুনা) প্রতিনিধি : , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বেতাগীতে দুর্বৃত্তদের আঘাতে ব্যবসায়ী গুরুতর আহত

বরগুনার বেতাগীতে বিকাশ ব্যবসায়ী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা বাজার এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ব্যবসায়ীর নাম নয়ন খান (২৭)। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাবুয়া গ্রামের চান্দু খানের ছেলে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) প্রেরন করে। এই ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , প্রতিদিনের মতো নয়ন ফুলতলা বাজারের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাড়ি ফেরার পথে বাজারসংলগ্ন নির্জন ও অন্ধকার রাস্তায় কয়েকজন অজ্ঞাত যুবক তার গতিরোধ করে। প্রথমে তারা ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা নগদ ৬৫ হাজার টাকা ও বিকাশ লেনদেনের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে নয়ন অপরাধীদের চিনতে পারলে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্য গুরুতর আঘাত করে পাশের ধান ক্ষেতে ফেলে তার উপরে কচুরিপানা বিছিয়ে দেয়।

উপজেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন (মুন্না) বলেন, ” এই ঘটনার পর থেকে ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে, প্রশাসনের কাছে সাধারণ মানুষ নিরাপত্তা চায়, এই ঘটনা তদন্ত করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হোক। ”

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তিনি আরও জানান, খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।