মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ , আপলোডের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মুরাদনগরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

★খেলার ফাঁকে হারিয়ে গেল দুই নিষ্পাপ প্রাণ, শোকে স্তব্ধ উলুমুড়িয়া গ্রাম

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের উলুমুড়িয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উলুমুড়িয়া গ্রামের সোহাগ মিয়ার মেয়ে সামিয়া আক্তার (৬) এবং একই গ্রামের মান্নান মিয়ার ছেলে মাছুম বিল্লাহ (৪)। তারা আপন খালাতো ভাই-বোন। এ ঘটনায় মুহূর্তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।

স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন জানান, বিকেলে সামিয়া ও মাছুম বিল্লাহ অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। সন্ধ্যার পরও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন এবং মাইকিং করে এলাকাজুড়ে সন্ধান চালান।

পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে স্থানীয় নুরু মিয়ার বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। দ্রুত তাদের চাপিতলা নুরজাহান মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুই নিষ্পাপ প্রাণের এমন অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার ও স্বজনরা, গ্রামজুড়ে শুধু কান্নার শব্দ আর শূন্যতার নিস্তব্ধতা।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।