জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ): , আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ , আজকের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের শক্তি প্রদর্শন: প্রার্থীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের নির্বাচনী মাঠে এক শক্তিশালী উপস্থিতি জানান দিলেন হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় তাড়াইল উপজেলার তালজাঙ্গা খেলার মাঠ থেকে শুরু হওয়া বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পুরো দিনজুড়ে দুই উপজেলার রাজপথকে পরিণত করে উৎসবের নগরীতে।

শত-শত মোটরসাইকেলের বহর, কর্মী-সমর্থকদের স্লোগান এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি এগিয়ে যায় করিমগঞ্জ-তাড়াইলের বিভিন্ন ইউনিয়নের মধ্য দিয়ে। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে পথচারী, স্থানীয় বাসিন্দা ও যানবাহনের চালকরা হাত নাড়িয়ে শোভাযাত্রার প্রতি সমর্থন জানান।

এই শক্তি-প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর), সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ, সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম। সঙ্গে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শোভাযাত্রার নেতৃত্বদানকারী প্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার বলেন,
“বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো বিকল্প নেই।”

তার বক্তব্য ও মানুষের উচ্ছ্বসিত অংশগ্রহণে বুঝা যায়, কিশোরগঞ্জ-৩ আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে এবং হাতপাখা প্রতীক ঘিরে তৈরি হচ্ছে আলোচনা।

দিনব্যাপী এই শোভাযাত্রা শুধু শক্তি-প্রদর্শন নয় বরং আসন্ন জাতীয় নির্বাচনে হাতপাখার পক্ষে এক গুরুত্বপূর্ণ বার্তা। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তাড়াইল-করিমগঞ্জ এলাকার জনমনে ইসলামী আন্দোলনের উপস্থিতি আরও দৃশ্যমান হলো এই আয়োজনে।