জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি): , আপলোডের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ , আজকের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬

তাড়াইলে উসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদীকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে জুলাই জনতার আহ্বানে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি তাড়াইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে শেষ হয়।

মিছিল চলাকালে বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা এ হত্যাকাণ্ডকে স্বাধীন মতপ্রকাশের ওপর হামলা বলে উল্লেখ করে বলেন- প্রকাশ্যে গুলি করে হত্যা প্রমাণ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।

থানার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নিহত উসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন- অবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।