আমতলী (বরগুনা) প্রতিবেদক: , আপলোডের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

অত প্রতিশ্রুতি নয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই লক্ষ্য: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিভিন্ন দল ক্ষমতায় গিয়ে সোনার বাংলা, সবুজ বাংলা কিংবা ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি দেয়। আমি অত প্রতিশ্রুতি দেব না। আল্লাহ যদি কামিয়াব করেন, আমি ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাবো। দুর্নীতি যখন থাকবে না, তখন সকল মানুষের মুখে হাসি ফুটবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে আমতলী পৌরসভার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, হিন্দু ভাইদের বলবো, চরমোনাইয়ে হিন্দুরা কতটা নিরাপদ, খোঁজ নিয়ে দেখেন। মায়ের কোল যেমন নিরাপদ, তারাও তেমনি চরমোনাইতে নিরাপদ। ইনশাআল্লাহ আপনারাও নিরাপদে থাকবেন।

চরমোনাই পীর অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর একটি দল সারাদেশে টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা সংখ্যালঘুদের জান-মালের হেফাজত এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করেছে।

অন্য দলের প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা ভদ্র ও সভ্য। আমাদের টালবেন না, বিরক্ত করবেন না। করলে এমনভাবে গর্জন শুরু হবে, যা আর প্রতিহত করতে পারবেন না।

তিনি বরগুনা-১ আসনকে একটি মডেল আসনে রূপান্তরের ঘোষণা দিয়ে বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, বাংলাদেশের অন্য কোনো আসনে জয় না হলেও ইনশাআল্লাহ বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী জয়লাভ করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আসমত আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, বরগুনা-২ আসনের প্রার্থী মিজানুর রহমান কাসেমী, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কেএম শরিয়ত উল্লাহ, মুফতি হাবিবুর রহমান, আমতলী উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী, যুগ্ম সম্পাদক মাওলানা মো. রবিউল আলম, সহকারী সম্পাদক মাওলানা রেজাউল করিম আকন, বরগুনা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম ও উপজেলা সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, যারা ভোটকেন্দ্র দখল করতে যাবে, তাদের মুগুর দিয়ে শায়েস্তা করা হবে। মা-বোনেরা আপনারাও খোঁজদারি নিয়ে প্রস্তুত থাকবেন। কোনো ছাড় দেওয়া হবে না।