ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ভাওয়াল এলাকার মির্জাপুর বাজারে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছেন।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে মির্জাপুর বাজারের বিভিন্ন সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগমপূর্ণ এলাকায় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট প্রদানের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
গণসংযোগকালে অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারই পারে রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে।”
তিনি আরও বলেন, “স্বাস্থ্যখাতসহ প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টরে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”
এ সময় গাজীপুর জেলা ও স্থানীয় বিএনপি, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা লিফলেট বিতরণ, পথসভা ও সরাসরি গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে বিএনপির বার্তা তুলে ধরেন।
মির্জাপুর বাজারে অনুষ্ঠিত এ নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।