সারাদেশে নির্বাচন পরবর্তী ব্যাপক সহিংসতার প্রতিবাদে রাজপথে নামার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির এক জরুরি বৈঠকে এ কর্মসূচির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে জোটের শীর্ষ নেতারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বৈঠকে উপস্থিত সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানিয়েছে, নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। এরই মধ্যে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের লোকদের বহু বাসা-বাড়ি, পরিবারের সদস্য ও ব্যবসাপ্রতিষ্ঠানে বর্বর হামলার খবর পাওয়া গেছে।
ভোটের আগে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ছাড়াও ভোটের রাতেই অন্তত ২১টি সহিংসতার তথ্য তুলে ধরেছে জামায়াত। নির্বাচনে ব্যাপক জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় বসতে যাওয়া বিএনপির লোকেরাই এসব সহিংসতা ঘটাচ্ছে বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন।