জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি): , আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

তাড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা

কিশোরগঞ্জের তাড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ, আলোচনা ও মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সদর বাজারের ট্রলারঘাটস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী কার্যক্রমে নিরলস পরিশ্রম ও আন্তরিক সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে জয়-পরাজয় থাকবেই; তবে আদর্শ, নৈতিকতা ও জনকল্যাণের রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। এসময় উপস্থিত নেতাকর্মীরাও ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রউফ, ৪নং জাওয়ার ইউনিয়ন শাখার সভাপতি ও জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মোস্তফা হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরিশেষে আলমগীর হোসাইন তালুকদার সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।