রিপোর্টারের নাম , আপলোডের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মিরা খানকে দেখতে চায় এলাকাবাসী

বরগুনায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে স্থানীয় এক ত্যাগী নারী নেত্রীকে মনোনয়ন দেওয়ার দাবিতে সরব হয়ে উঠেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ। দীর্ঘ ১৭ বছর ধরে মাঠ পর্যায়ে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত মিরা খানকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মিরা খান দলীয় বিভিন্ন কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তাছাড়া, তার বাবা জাফর আলী খান আমতলী থানার বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। দলের দুর্দিনে রাজপথে অবস্থান, তৃণমূল সংগঠনকে সুসংগঠিত করা এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণে উৎসাহিত করার ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন নেতাকর্মীরা।

দলীয় সূত্র আরও জানায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট বা কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠেনি। এ কারণে তাকে “সৎ ও গ্রহণযোগ্য নেতৃত্ব” হিসেবে বিবেচনা করছেন স্থানীয়রা। তাদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেত্রীই সংরক্ষিত আসনের জন্য উপযুক্ত।

আমতলী, তালতলী ও বরগুনা বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে। আমরা চাই সংরক্ষিত মহিলা এমপি হিসেবে এমন একজন আসুক, যিনি সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন।

এদিকে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় নেতাকর্মীরা যোগ্য ও ত্যাগী নেত্রীকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের আশা, কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আমতলীর জনপ্রিয় নারী নেত্রীকে সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনীত করবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলভিত্তিক রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ও বিতর্কমুক্ত নেতৃত্বকে সামনে আনা হলে দল যেমন উপকৃত হবে, তেমনি স্থানীয় উন্নয়ন কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।

তবে এ বিষয়ে দলীয় উচ্চপর্যায় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বরগুনার নেতাকর্মী।