চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইতিহাস বিকৃতির সমালোচনাশিবগঞ্জে আলোচনা সভায় ড. কেরামত আলী এমপি

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী বলেছেন, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে ইতিহাসকে বিভিন্নভাবে বিকৃত করার চেষ্টা করা হয়েছে। তবে ইতিহাস কখনো পাল্টানো যায় না; ইতিহাস তার নিজস্ব সত্য ও প্রেক্ষাপট নিয়েই অটুট থাকে। যার যতটুকু অবদান, তা যথাযথভাবে স্বীকার করাই দায়িত্বশীলতার পরিচয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংবিধানে “বাংলা ভাষা” নির্ধারণ করা হলেও ইংরেজি ভাষা সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে। তাই বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং সর্বস্তরে এর ব্যবহার নিশ্চিত করতে হবে। জাতীয় ও রাষ্ট্রীয় জীবনে বাংলা ভাষার সঠিক প্রয়োগ নিশ্চিত করলেই ভাষা আন্দোলনের প্রকৃত চেতনা বাস্তবায়ন সম্ভব হবে।

উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

এর আগে দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে ভাষা আন্দোলনে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।