সাখাওয়াত হোসেন (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মাওনা চৌরাস্তা মহাসড়কে ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা মহাসড়কে অস্থায়ী বাজার ইজারার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা। ইজারা প্রথা বন্ধ করে মহাসড়ক দখলমুক্ত রাখার দাবিই ছিল তাদের প্রধান দাবি।
সোমবার সকাল ১১টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, অস্থায়ী বাজার ইজারার মাধ্যমে মহাসড়কের অংশবিশেষ দখল করা হয়েছে। ফলে সড়ক সংকুচিত হয়ে তীব্র যানজট, দুর্ঘটনার ঝুঁকি ও জনভোগান্তি বাড়ছে।
বক্তারা বলেন, “মাওনা চৌরাস্তা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক সংযোগস্থল। এখানে ইজারার নামে বাজার বসানো জনস্বার্থবিরোধী। আমরা কোনোভাবেই মহাসড়কে ইজারা চাই না। অবিলম্বে এই ইজারা বাতিল করতে হবে।”
মানববন্ধন থেকে তারা যে দাবিগুলো উত্থাপন করেন–

১. মহাসড়কে অস্থায়ী বাজার ইজারা সম্পূর্ণ বন্ধ করতে হবে;
২. সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে হবে;
৩.যানজট নিরসনে কার্যকর প্রশাসনিক উদ্যোগ নিতে হবে;
৪. স্থায়ী ও পরিকল্পিত বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষায় তাদের এ শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে ।