মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মোরেলগঞ্জে দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) উপজেলার নতুন থানা সংলগ্ন মিম কমিউনিটি সেন্টারে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।প্রচেষ্টা হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএনপির কেন্দ্রীয় তাতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনিরের সহধর্মিণী মির্জা সানজীদা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় ড. কাজী মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোট ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়, যা স্থানীয় অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা সানজীদা খাতুন বলেন, “সমাজের অসহায় নারীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একটি সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, এটি একজন নারীর আত্মসম্মান ও স্বাবলম্বিতার পথ খুলে দেয়। আমরা চাই, এসব নারী নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে পরিবার ও সমাজে সম্মানের সাথে বেঁচে থাকুক।” তিনি আরও বলেন, “ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বেশি সংখ্যক নারীকে কর্মসংস্থানের আওতায় আনার চেষ্টা করা হবে।”

উল্লেখ্য, ড. কাজী মনিরুজ্জামান মনির ও তার সহধর্মিণী মির্জা সানজীদা খাতুন দীর্ঘদিন ধরে মোরেলগঞ্জসহ বিভিন্ন এলাকায় নীরবে মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিপদগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান,এসব কার্যক্রমে তারা ইতোমধ্যেই স্থানীয়দের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

এছাড়া তাদের সন্তানও কাজী সাদী বর্তমানে মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থেকে (ফ্লোরিশ গ্রীন ওয়ার্ল্ড অরগানাইজেশান ) নামের একটি সামাজিক সংগঠন পরিচালনা করে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

সেলাই মেশিন পেয়ে উপকারভোগীদের মাঝে আনন্দের ছাপ লক্ষ্য করা যায়। কয়েকদিন আগে আগুনে পুড়ে সর্বস্ব হারানো চিংড়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গৃহিণী মোসা. ঝুমুর আক্তার বলেন, “এটি আমার জীবনে নতুন আশার সঞ্চার করেছে।”
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মোসা. রানী বেগম বলেন, “আমি ৫ বছর ধরে স্বামী হারা অবস্থায় অনেক কষ্টে জীবনযাপন করছিলাম। এই সেলাই মেশিন পেয়ে এখন নিজের পায়ে দাঁড়ানোর আশা দেখতে পাচ্ছি।”

এদিকে শরনখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোসা. খুকি বেগম জানান, “গত মাসের ৪ তারিখে আমার ঘর পুড়ে যাওয়ার পর তিন সন্তান নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছিলাম। আজ এই উপহার পেয়ে আমি অনেক খুশি ও কৃতজ্ঞ।”

আয়োজকরা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সমাজের অসহায় নারীরা স্বনির্ভর হয়ে সম্মানজনক জীবনযাপন করতে পারেন।