বরগুনার বেতাগী উপজেলার সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। গত রোববার দুপুরে বরগুনার বেতাগী উপজেলার সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেতাগী উপজেলা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ও জেলার প্রায় পাঁচ শতাধিক ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা–কর্মী অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ওই অনুষ্ঠানের চার মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন। এতে তিনি লিখেছেন ‘ছাত্রলীগ ঐক্যবদ্ধ, ছাত্রলীগ অপ্রতিরোধ্য।’
অনুষ্ঠানের এক পর্যায়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মুঠোফোনে ছাত্রলীগের নেতা–কর্মীদের উদ্দেশে ঈদ শুভেচ্ছা জানান বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান, বেতাগী উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান (ফোরকান), বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম গোলাম কবির প্রমুখ।
এই আয়োজন সম্পর্কে গতকাল রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার বলেন, ‘দীর্ঘদিন নেতা–কর্মীদের নিয়ে একসঙ্গে বসা হয়নি। তাই তাদের উজ্জীবিত করতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেও আয়োজনটি সফল করায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’
এ সম্পর্কে বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ূন হাসান (শাহীন) বলেন, ‘বেতাগীর ঘটনাটি খুবই দুঃখজনক। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা কীভাবে প্রকাশ্যে চলে আসে, এমন একটি আয়োজন করেছেন, এটা আমাদের বোধগম্য নয়।’
হুমায়ূন হাসান অভিযোগ করেন, ‘ছাত্রলীগের এমন অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের সহযোগিতা রয়েছে বলে আমরা মনে করি। এ ছাড়া আমাদের দলীয় নেতা–কর্মীদের সহযোগিতা থাকতে পারে বলে মনে হচ্ছে। বিষয়টি আমরা জোরালোভাবে দেখব। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাজাহান কবির বলেন, ‘পৌরসভার বাইরে গিয়ে তারা এই অনুষ্ঠান করেছে। বিষয়টি আমাদের জানা ছিল না। রাতে বিষয়টি আমরা জেনেছি।’
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, বেতাগী উপজেলা ছাত্রলীগের যে অনুষ্ঠানের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে, তা অনেক আগের ভিডিও। এখন এমন ঘটনা ঘটে থাকলে, ছাত্রলীগের নেতা–কর্মীদের গ্রেপ্তার করা হবে।