জুবায়ের আহমাদ জুয়েল (স্টাফ রিপোর্টার): , আপলোডের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

তাড়াইলে জমি বিরোধে আদালতে মামাল: এক আসামি গ্রেফতার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারী ও তার স্বামীর ওপর হামলার ঘটনায় আদালতে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১০টার দিকে তাড়াইল থানাধীন সেরুয়াকান্দা এলাকায় বাদী শিরিনার পিতার বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে এসে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, আসামিরা শিরিনাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়। হামলার সময় তাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে। এ সময় তার স্বামী বেলায়েত হোসেন স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও বল্লম দিয়ে আঘাত করা হয়, এতে তার হাত গুরুতর জখম হয়।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকরা জানান, আহত নারীকে মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে এবং কয়েকদিন হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর আপোষ-মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে এবং থানায় মামলা দায়ের করতে না পেরে ভুক্তভোগী আদালতে মামলা করেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে তাড়াইল থানা পুলিশ এসআই মো. আলমগীরের নেতৃত্বে অভিযান চালিয়ে মামলার ৪ নম্বর আসামি মিলন মিয়াকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।