জুবায়ের আহমাদ জুয়েল (স্টাফ রিপোর্টার): , আপলোডের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬ , আজকের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

তাড়াইলে জনসেবায় এক আলোকবর্তিকা মাওলানা লুৎফর রহমান

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ধর্মীয় ও সামাজিক অঙ্গনে সুপরিচিত এক নাম মাওলানা লুৎফর রহমান। দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ জাগরণ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

উপজেলার বেলংকা গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা মাওলানা লুৎফর রহমান ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি গভীর অনুরাগী ছিলেন। তার শিক্ষাজীবনের সূচনা হয় তাড়াইলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসায়। পরবর্তীতে উচ্চতর শিক্ষা গ্রহণের লক্ষ্যে তিনি ঢাকার প্রখ্যাত জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসায় ভর্তি হন এবং ২০০৩ সালে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন।

শিক্ষাজীবন শেষে তিনি নিজ এলাকাতেই ফিরে এসে জ্ঞান বিতরণে আত্মনিয়োগ করেন। ২০১৭ সাল থেকে তিনি দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসায় মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার পাঠদানের সহজ-সরল পদ্ধতি, গভীর জ্ঞান ও আন্তরিকতা শিক্ষার্থীদের মধ্যে বিশেষভাবে প্রশংসিত।

শুধু একজন শিক্ষক হিসেবেই নয়, একজন সমাজসেবক হিসেবেও তিনি সমানভাবে সমাদৃত। এলাকার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক উদ্যোগ এবং মানবকল্যাণমূলক কাজে তার সক্রিয় অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের কাছে আরও কাছাকাছি নিয়ে এসেছে। তার শিষ্য, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মতে, সততা, নম্রতা এবং মানুষের কল্যাণে নিবেদিত মনোভাব তাকে একজন যোগ্য নেতৃত্বে পরিণত করেছে।

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তাকে প্রার্থী হিসেবে দেখতে চান অনেকেই। তাদের বিশ্বাস, দীর্ঘদিনের শিক্ষকতা, ধর্মীয় নেতৃত্ব এবং সামাজিক সম্পৃক্ততা তাকে একজন জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

স্থানীয়দের প্রত্যাশা, সাদাসিধে জীবনযাপন ও মানুষের সেবায় নিবেদিত এই আলেম যদি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পান, তবে তাড়াইল উপজেলায় উন্নয়ন ও মানবিক মূল্যবোধের নতুন দিগন্ত উন্মোচিত হবে।