বরগুনা জেলা প্রতিনিধি মোঃ রাসেল মৃধা: , আপলোডের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

পাথরঘাটা উপজেলায় কামড় দিয়ে একজনের মুখের চামড়া ছিঁড়ে নিয়েছে কুকুর

বরগুনার পাথরঘাটা উপজেলায় কামড় দিয়ে আবুল কালাম নামে একজনের মুখের চামড়া ছিঁড়ে নিয়েছে একটি কুকুর।

উপজেলার সদর ইউনিয়নে শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়েছেন ১১ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কুকুরের কামড়ে আহত হয়ে ১১ জন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। গুরুতর দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

হাড়িটানা এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ সাহিন জানান, তার চাচা আবুল কালামের মুখে কামড় দিয়ে মাংস ছিঁড়ে নেয় কুকুরটি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে দ্রুত বরিশালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও হাড়িটানা এলাকায় একটি সাদা-কালো বেওয়ারিশ কুকুর মানুষের ওপর হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন না থাকায় ভোগান্তি বেড়েছে। অনেকে বেশি দামে বাইরে থেকে ভ্যাকসিন কিনছেন বলে অভিযোগ করেছেন।

জানতে চাইলে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নীল রতন সরকার জানান, হাসপাতালে আসা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন মজুত না থাকায় রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

পদ্মা এলাকার বাসিন্দা হিরু জমাদ্দার জানান, একই পরিবারের তিন সদস্যকে কামড় দিয়ে কুকুরটি অন্য এলাকায় চলে গেছে।

পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরবিন্দ দাস বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী কুকুর নিধন দণ্ডনীয় অপরাধ। তাই বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে টিকাদানসহ মানবিক পদ্ধতি গ্রহণ জরুরি। এ বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল জানান, পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে ভ্যাকসিন সরবরাহ বৃদ্ধি ও জননিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।