মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ , আজকের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা

বাগেরহাটের মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে অবৈধভাবে তেল নামিয়ে বিক্রির অভিযোগে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে মোরেলগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ধানসাগর ইউনিয়নের হানিফ তালুকদার (৩৫)কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খুলনা থেকে মোরেলগঞ্জে আসা একটি অ্যাম্বুলেন্স থেকে তেল নামিয়ে স্থানীয় এক মোটরসাইকেল চালকের কাছে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়েন হানিফ তালুকদার। এ সময় তার বিরুদ্ধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ৪ ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

পরে একই আইনের ২০ ধারায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেন আদালত।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থবিরোধী ও অবৈধ কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।