আমতলী (বরগুনা) প্রতিবেদক: , আপলোডের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আবহাওয়া তথ্যহীন উপকূল, ঝুঁকিতে জেলে-কৃষক

জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে বরগুনার আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও (৯৮.৮ এফএম) বন্ধ ঘোষণা করা হয়েছে। গত ১ এপ্রিল কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ির পরিচালক মো. মশীহুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। হঠাৎ এ ঘোষণায় উপকূলীয় অঞ্চলের অন্তত পাঁচ লক্ষাধিক শ্রোতার মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

কৃষি রেডিও বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষ। তারা এখন আবহাওয়ার পূর্বাভাস, কৃষি বিষয়ক পরামর্শ এবং প্রয়োজনীয় তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে কৃষিকাজ ও মাছ ধরার মতো গুরুত্বপূর্ণ পেশায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জানা গেছে, ২০১২ সালের ১ জানুয়ারি আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি রেডিও ৯৮.৮ এফএম-এর কার্যক্রম শুরু হয়। শুরুতে নানা প্রতিবন্ধকতা থাকলেও অল্প সময়েই এটি উপকূলীয় মানুষের আস্থার কেন্দ্র হয়ে ওঠে। বরগুনা ও পটুয়াখালীর বিস্তীর্ণ এলাকায় কৃষি রেডিওর সম্প্রচার পৌঁছে যায় এবং কৃষক-জেলেদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়।

পরবর্তীতে সরকারের উদ্যোগে রেডিওটির সম্প্রসারণে নিজস্ব জমিতে দ্বিতল পাকা ভবন নির্মাণ করা হয়, যা ২০২৩ সালে সম্পন্ন হয়। তবে চলতি বছরের জানুয়ারি থেকে বরাদ্দ জটিলতা ও অবহেলার কারণে এর কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

স্থানীয় কৃষক মো. কামাল মোল্লা বলেন, কৃষি রেডিও ছিল প্রান্তিক মানুষের তথ্যের প্রধান উৎস। আবহাওয়ার খবর জানতে এর কোনো বিকল্প ছিল না। এখন বন্ধ হয়ে যাওয়ায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি।

শ্রোতা ময়নারানী জানান, রেডিওর অনুষ্ঠানগুলো খুব ভালো লাগত। গত ১০-১২ দিন ধরে কিছুই শুনতে পাচ্ছি না। দ্রুত চালুর দাবি জানাই।

কৃষক কামাল সিকদার বলেন, কৃষি রেডিওর তথ্য শুনে ফসল চাষ করতাম। এখন সেটি বন্ধ থাকায় সমস্যায় আছি।

জেলে সাইদুল বয়াতি বলেন, আবহাওয়ার পূর্বাভাস জেনে সাগরে যেতাম। এখন রেডিও বন্ধ থাকায় ঝুঁকি বেড়ে গেছে।

এ বিষয়ে আমতলী কৃষি রেডিও স্টেশন ম্যানেজার (অতিরিক্ত দায়িত্ব) শেখ হাবিবুর রহমান জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে সাময়িকভাবে সম্প্রচার বন্ধ রাখা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, কৃষি রেডিও দ্রুত চালুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হবে।

কৃষি তথ্য সার্ভিসের উপ-পরিচালক ফেরদৌসী ইয়াসমিন বলেন, অর্থনৈতিক সংকটের কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে পুনরায় চালু করা হবে।

পরিচালক মো. মশীহুর রহমান আশ্বাস দিয়ে বলেন, অল্প সময়ের মধ্যেই কৃষি রেডিও পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, উপকূলীয় এলাকার সাধারণ মানুষ দ্রুত কৃষি রেডিও পুনরায় চালুর দাবি জানিয়েছেন, যাতে তারা আবারও আবহাওয়া পূর্বাভাসসহ প্রয়োজনীয় তথ্য সেবা পেতে পারেন।