মোঃনাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ , আজকের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বর্ষবরণের রঙে সেজেছে মোরেলগঞ্জ, পহেলা বৈশাখে থাকছে বর্ণিল আয়োজন

রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে দেশের অন্যান্য স্থানের মতো বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলাজুড়েও চলছে ব্যাপক প্রস্তুতি। শহর থেকে গ্রাম—সবখানেই এখন উৎসবের আমেজ, লাল-সাদা সাজ আর বাঙালিয়ানায় মুখর চারপাশ।

পহেলা বৈশাখ উপলক্ষে মোরেলগঞ্জ পৌরসভা, উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো নিয়েছে নানা কর্মসূচি। এরই মধ্যে শহরের প্রধান সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বৈশাখী তোরণ নির্মাণ, সাজসজ্জার কাজ প্রায় সম্পন্ন হয়েছে।দিনটি উপলক্ষে মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ এপ্রিল সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি বের হবে। পাশাপাশি কলেজ মাঠে বসবে স্থানীয় দোকানীদের সৌজন্যে বৈশাখী মেলা, যেখানে থাকবে ঐতিহ্যবাহী খাবার, খেলনা ও বিভিন্ন স্টল। দিনব্যাপী অনুষ্ঠিত হবে গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীত পরিবেশনা। এ তথ্য নিশ্চিত করেছেন কলেজের প্রভাষক জসিম উদ্দিন।

অন্যদিকে, মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও বৈশাখ উদযাপনে নেয়া হয়েছে বিশেষ কর্মসূচি। বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন জানান, শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈশাখী শোভাযাত্রা, খেলাধুলা ও অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে মোরেলগঞ্জ মডেল একাডেমিও প্রস্তুত করেছে চমকপ্রদ আয়োজন। একাডেমির পরিচালক নাহিদ মাহমুদ রুবেল জানান, পহেলা বৈশাখের দিন সকাল ৭টায় বৈশাখী সাজে একটি বিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। র‍্যালিতে তুলে ধরা হবে বাংলার আবহমান ঐতিহ্যের নানা নিদর্শন। র‍্যালি শেষে একাডেমি প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

উপজেলা পরিষদ চত্বরেও থাকছে জমজমাট আয়োজন। ইতোমধ্যে সেখানে বসানো হয়েছে বৈশাখী স্টল। দিনব্যাপী অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবটি সার্বজনীনভাবে উদযাপন করা হবে।

স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকেও নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। কোথাও আয়োজন করা হয়েছে পান্তা-ইলিশ উৎসব, কোথাও বা গ্রামীণ মেলা ও লোকসংগীতের আসর। এতে অংশ নিতে ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সব মিলিয়ে, বাংলা নববর্ষকে বরণ করে নিতে মোরেলগঞ্জ এখন প্রস্তুত এক বর্ণিল, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে। নতুন বছরের প্রথম সূর্যকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে এই জনপদের মানুষ।