দেশে হঠাৎ করে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকারের সিদ্ধান্তে বরগুনার আমতলী উপজেলায় সফর করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মোস্তাফিজুর রহমান। তবে তার এই গুরুত্বপূর্ণ সফরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের না জানানোয় সৃষ্টি হয়েছে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা।
জানা গেছে, হাম রোগের বিস্তার রোধে সরকারের নির্দেশনায় উপকূলীয় জেলা বরগুনায় পরিদর্শনে আসেন যুগ্ম সচিব মোঃ মোস্তাফিজুর রহমান। তার আগমন উপলক্ষে সোমবার সকাল ১১টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার, জেলা পুলিশ সুপার মোঃ কুদরত ই খুদা, জেলা সিভিল সার্জন ডা. মোঃ আবুল ফাত্তাহ এবং আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাফর আরিফ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার।
তবে এ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের কাউকে অবহিত করা হয়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আমতলী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ কবির ফকির বলেন, আমরা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় নিয়ে নিয়মিত কথা বলি। আজকের অনুষ্ঠানেও সে বিষয়গুলো তুলে ধরতাম। হয়তো সে কারণেই আমাদের জানানো হয়নি।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ওমর ফারুক জেহাদি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাষ্ট্রীয় কর্মসূচিতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের না জানানো উদ্দেশ্যপ্রণোদিত। হাসপাতালের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে আমরা কথা বলি বলেই আমাদের এড়িয়ে যাওয়া হয়েছে বলে মনে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, বরগুনা সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নির্দেশনা অনুযায়ী আমন্ত্রণ জানানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এ সফরটি পরিকল্পিতভাবে সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে, যাতে স্বাস্থ্য বিভাগের নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো সামনে না আসে। বিষয়টি নিয়ে সচেতন মহলে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।