দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে পটুয়াখালী রিপোর্টার ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪ ও দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি এম কে রানা।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শহরের মল্লিকা রেস্তোরাঁর দ্বিতীয় তলায় অবস্থিত পার্টি সেন্টারে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২৩ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে দুই বছর।
সভায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিটি এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত নৈতিকতা বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
নবনির্বাচিত সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে এই ইউনিটকে আরও শক্তিশালী করা হবে। সকল সদস্যকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও পেশাগত মর্যাদা বৃদ্ধিতে আমরা কাজ করবো।”
সাধারণ সম্পাদক এম কে রানা বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য। একই সঙ্গে তথ্যপ্রবাহে স্বচ্ছতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
নবগঠিত কমিটির সদস্যরা জানান, দেশ ও সমাজের উন্নয়নে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। এছাড়া তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনাও রয়েছে।
উল্লেখ্য, পটুয়াখালী রিপোর্টার ইউনিটি দীর্ঘদিন ধরে জেলার সাংবাদিকদের একটি সংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।