কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চিকনী এলাকায় নির্মিত সুইচগেটটি এখন স্থানীয়দের জন্য আশীর্বাদের বদলে অভিশাপে পরিণত হয়েছে। পানি নিষ্কাশনে অকার্যকর হয়ে পড়ায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে হাজার হাজার একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে।
শনিবার (২ মে) সরেজমিনে দেখা যায়, ৬ ভেন্টবিশিষ্ট সুইচগেটটি দিয়ে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির প্রবাহ ঠিকভাবে নিষ্কাশন করা যাচ্ছে না। ফলে আশপাশের বিস্তীর্ণ কৃষিজমিতে পানি জমে রয়েছে। ইতোমধ্যে কয়েকটি গ্রামের পাকা ধান সম্পূর্ণ ডুবে গেছে এবং আরও বিস্তীর্ণ জমি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, কৃষকদের সুবিধার্থে নির্মিত সুইচগেটটি এখন উল্টো পানি নিষ্কাশনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ভারী বর্ষণের সময় পানি বের হতে না পেরে জলাবদ্ধতা আরও ভয়াবহ রূপ নিচ্ছে।
রাউতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদুর রহমান খান রুবেল জানান, সুইচগেটের দরজা খোলা থাকলেও কচুরিপানা জমে অনেকগুলো গেট বন্ধ হয়ে থাকে। ফলে পানি দ্রুত বের হতে পারে না, যা এক ধরনের কৃত্রিম দুর্যোগ তৈরি করেছে।
স্থানীয় কৃষক সাবিকুল ইসলাম বলেন, “আমাদের পাকা ধান পানিতে তলিয়ে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে বড় ক্ষতির মুখে পড়ব।”
ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি জনস্বার্থে চিকনীর ৬ ভেন্টের সুইচগেটটি ১০ ভেন্টে উন্নীত করে পুনর্নির্মাণের জোর দাবি তুলেছেন তারা।