নান্দাইল প্রতিনিধি : , আপলোডের সময় : শনিবার, ৯ মে, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নান্দাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের নান্দাইলে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। মাদক, জুয়া, কিশোর গ্যাং ও গরু চুরি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

ঈদকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিয়মিত কম্বিং অপারেশন পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও চোরচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।”

সভায় উপস্থিত উপ-পরিদর্শক (এসআই) মামুন মিয়া বলেন, ঈদ উপলক্ষে বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া রাতের বেলায় সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

মতবিনিময় সভায় বক্তব্য দেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, নান্দাইল আইনশৃঙ্খলা কমিটির সদস্য রবিউল আলম ফরাজী, সাবেক সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান চন্দন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, দপ্তর সম্পাদক রমজান আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক এহসানুল হক তানভীর এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়াসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় সাংবাদিকরা মাদক নির্মূল, যানজট নিয়ন্ত্রণ, বাজার এলাকায় নিরাপত্তা বৃদ্ধি এবং গরু চুরি প্রতিরোধে পুলিশের আরও তৎপরতা কামনা করেন। পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিক ও পুলিশের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

শেষে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিক ও পুলিশের যৌথ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।