ভ্রাম্যমান রিপোর্টার নান্দাইল থেকে : , আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খানের ময়মনসিংহ সফর, উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন ও মতবিনিময়

ইয়াসের খান চৌধুরী আগামীকাল একদিনের সরকারি সফরে ময়মনসিংহ আসছেন। সফরকালে তিনি জেলার হালুয়াঘাট উপজেলা ও তারাকান্দা উপজেলা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন এবং একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব মাহফুজুল আলম মাসুম স্বাক্ষরিত সফরসূচি সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল সাড়ে ১০টায় প্রতিমন্ত্রী তারাকান্দা উপজেলায় একটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করবেন। স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন এবং কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এরপর সকাল সাড়ে ১১টায় তিনি হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বড়বিলা এলাকায় বড়বিলা-বাহিরশিমুল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী বাস্তবায়ন হতে যাওয়া এ সড়ক প্রকল্প যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন গতি আনবে বলে ধারণা করা হচ্ছে।

সফরের পরবর্তী ধাপে প্রতিমন্ত্রী হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা এবং সদর ইউনিয়নের কচুন্দরা এলাকায় আরও দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। স্থানীয় কৃষি, মৎস্য এবং জলাবদ্ধতা নিরসনে এসব খাল পুনঃখনন প্রকল্প বিশেষ অবদান রাখবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেবেন প্রতিমন্ত্রী। বিকেলে তিনি হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

প্রতিমন্ত্রীর সফরকে কেন্দ্র করে হালুয়াঘাট ও তারাকান্দা এলাকায় স্থানীয় প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।