গত ১৭ বছরের অনিয়ম ও দুর্নীতিতে দেশ ডুবে ছিল। এর প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের অধীনে বিভিন্ন দফতর এবং সংস্থায়ও হয়েছে লাগামহীন দুর্নীতির। এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।
প্রশাসন-১ শাখা থেকে প্রকাশিত ওই আদেশে বলা হয়েছে, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের কার্যক্রম তদন্তের আওতায় আনা হবে। ১২ মে জারি হওয়া এ আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাহমিনা আক্তার। পরে একই নম্বর ও তারিখে এটি প্রতিস্থাপিত আকারে প্রকাশ করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. সামছুল ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ, উপসচিব মো. রবিউল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা, সিনিয়র সহকারী সচিব তাহমিনা আক্তার এবং সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম।
অফিস আদেশে কমিটির জন্য তিনটি কার্যপরিধিও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত, প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহ এবং প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ।
নির্দেশনায় বলা হয়েছে, কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন জমা দিতে হবে। একই সঙ্গে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব তথ্য ও নথি সংগ্রহের ওপরও গুরুত্ব দেয়া হয়েছে।