নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

আমতলীতে পিকআপ ভ্যানের চাকা ফেটে ব্রীজে ধাক্কা, হেল্পার নিহত

বরগুনার আমতলীতে পিকআপ ভ্যানের চাকা ফেটে সেতুর সঙ্গে ধাক্কা লেগে মোঃ আজাদ মোল্লা (২৭) নামে এক হেল্পার নিহত হয়েছেন। এ ঘটনায় চালক মেহেদী (২৮) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৬টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজাদ মোল্লার বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি গ্রামে। তার বাবার নাম আউয়ুব মোল্লা। আহত চালক মেহেদীর বাড়ি একই জেলার সফিপুর উপজেলার বেথুয়া গ্রামে। তার বাবার নাম আব্বাস মিয়া।

জানা গেছে, মঙ্গলবার সকালে ফার্নিচার বোঝাই একটি পিকআপ ভ্যান (ন-১২-৫৯৭৭) আমতলীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে চুনাখালী ব্রীজ এলাকায় পৌঁছালে পিকআপটির বাম পাশের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেল্পার গাড়ির ভেতরে আটকা পড়েন।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা গাড়ির দরজা কেটে তাদের উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই হেল্পার আজাদ মোল্লার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চালক মেহেদীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। পিকআপটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে যায়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসেন বলেন, আজাদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহত অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।