আমতলী (বরগুনা) প্রতিবেদক: , আপলোডের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাই-বোনকে মারধরের অভিযোগ

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কুলাইচর গ্রামে ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাই ও বোনকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় আহত কিশোরীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ১ জুন রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ৪ নম্বর হলদিয়া ইউনিয়নের কুলাইচর গ্রামের সেকান্দার প্যাদার বাড়ির সামনে।

অভিযোগ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুলাইচর গ্রামের বাসিন্দা সেকান্দার প্যাদার মেয়েসহ নাতি-নাতনিরা নানা বাড়িতে বেড়াতে আসেন। একই এলাকায় খলিল মৃধার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে উপস্থিত লোকজনের অনুরোধে সেকান্দার প্যাদার নাতনি আয়শা নৃত্য পরিবেশন করেন।

এ সময় স্থানীয় কয়েকজন যুবক নৃত্যের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিলেন। ভিডিও ধারণে বাধা দিলে সেকান্দার প্যাদার নাতি আমানুল ইসলাম (১৮)-কে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাকে রক্ষা করতে গেলে তার ছোট বোন সুমাইয়া (১৩)-কেও মারধর করা হয়।

অভিযোগে বলা হয়েছে, কুলাইচর গ্রামের রাব্বি (২০), রামিম (১৯), সিফাত (১৮), সাইফুল (১৯) ও সাব্বির (১৮)সহ আরও তিন থেকে চারজন এ হামলায় অংশ নেন। মারধরের একপর্যায়ে সুমাইয়ার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত ভাই-বোনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।

আহত আমানুল ইসলাম বলেন, “আমার খালাতো বোন আয়শা সবার অনুরোধে অনুষ্ঠানে নাচছিল। কয়েকজন বখাটে তার ভিডিও ধারণ করছিল। আমি তাদের বলি ভিডিও না করতে। কারণ আমার ছোট বোন মাদ্রাসায় পড়ে। এ কথা বলার পর তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। পরে আমাকে বাঁচাতে গেলে আমার ছোট বোন সুমাইয়াকেও পিটিয়ে আহত করা হয়।”

এ ঘটনায় আহতদের নানা সেকান্দার প্যাদা আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত যুবকেরা এলাকায় রাস্তার পাশে একটি টংঘর বসিয়ে নিয়মিত আড্ডা ও মাদকসেবন করে থাকে, যার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ।

অভিযোগের বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।