কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৪নং জাওয়ার ইউনিয়নের পশ্চিম জাওয়ার বিরি পাড়ায় উৎসবমুখর পরিবেশে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টায় জাওয়ার বাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলাটি ঘিরে এলাকার তরুণ ও প্রবীণদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী কাজিমুদ্দিন ভূঁইয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. নূরু মেম্বার, আজমান ভূঁইয়া, রতন মিয়া (১), আল আমিন, রতন মিয়া (২), আব্দুল জলিল, নজরুল ইসলাম, দৌলত ভূঁইয়া, বজলু মিয়া, অলি রহমান ও আরশ মিয়া।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. তোফাজ্জল হোসাইন এবং ধারাভাষ্য প্রদান করেন মো. শামসুদ্দিন আহমেদ।
দুই দলের খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন। নির্ধারিত সময় শেষে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।
স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলে এবং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।