মোঃ রাসেল মৃধা, (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬ , আজকের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

তালতলীতে পুলিশ সদস্যের আত্মহত্যা, উদ্ধার চিরকুট

বরগুনার তালতলীতে মো. ফারুক হোসেন (৩৫) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে তার লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফারুক হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের রতন আলী গাজীর ছেলে। তিনি তালতলী থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাতের ডিউটি শেষে থানার ব্যারাকে অবস্থান করছিলেন ফারুক। ধারণা করা হচ্ছে, রোববার ভোরে কোনো একসময় তিনি বিষাক্ত ‘গ্যাস ট্যাবলেট’ সেবন করেন। পরে অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুটে পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনা ও শেষ ইচ্ছার কথা উল্লেখ করা হয়েছে। চিরকুটে তিনি লিখেছেন, “কোথায় তারা আসবে নিশ্চিত করে জানাবে, যাতে তারা হয়রানির শিকার না হয় এবং মহিলারা যাতে না আসে দয়া করে বলে দিবে।”

এছাড়া তিনি উল্লেখ করেন, “আমার লাশ পুরান বাড়িতে দাফন করবে। আমার স্ত্রীকে যেন আগে না জানায়, তাহলে সে মারা যাবে।” চিরকুটে পরিবারের সদস্যদের যোগাযোগের জন্য দুটি মোবাইল নম্বরও সংযুক্ত করা হয়েছে।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইয়েদী হাসান সোহাগ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ‘গ্যাস ট্যাবলেট’ সেবন করেছিলেন। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে জেলার সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল) মো. তারিকুল ইসলাম মাসুদ বলেন, “তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের উদ্দেশ্যে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”