বরগুনা জেলার মে-২০২৬ মাসের পারফরম্যান্স মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আমতলী থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ। একইসঙ্গে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদান রাখায় আমতলী থানার আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা পুরস্কৃত হয়েছেন।
সোমবার (১৫ জুন) বরগুনা জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত কর্মকর্তাদের মে-২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে এ পুরস্কার প্রদান করা হয়।
জেলা পুলিশের মূল্যায়নে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং সার্বিক পেশাগত দক্ষতায় বিশেষ অবদান রাখায় আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন।
এছাড়া জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন আমতলী থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ওয়ালী উল্লাহ। মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অন্যদিকে বিচারাধীন মামলার ওয়ারেন্ট দ্রুত ও কার্যকরভাবে তামিল করার ক্ষেত্রে বিশেষ সাফল্যের জন্য শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন আমতলী থানার এএসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিন সিকদার। একই ক্যাটাগরিতে উল্লেখযোগ্য অবদান রাখায় এএসআই (নিরস্ত্র) মো. মাইনুল ইসলামও সম্মাননা লাভ করেন।
একই থানার একাধিক কর্মকর্তার এমন সাফল্যে আমতলী থানা পুলিশে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করে এবং জনগণের সেবার মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।
স্থানীয় সচেতন মহল, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আমতলী থানা আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের এ অর্জন আমতলী থানার পেশাদারিত্ব, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন।