আমতলী (বরগুনা) প্রতিবেদক: , আপলোডের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার অভিযোগ, নারী আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের দাবি

বরগুনার আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছেন এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আছমা আক্তার (৩৫) পূর্বচিলা গ্রামের আবজাল খানের স্ত্রী। তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বচিলা গ্রামের আলিল প্যাদার ছেলে রিপন প্যাদার সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির বজলু মাতুব্বরের মেয়ে তনিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয়ে মনোমালিন্য চলছিল। আছমা আক্তারের মেয়ে জুলেখা ও তনিমা স্কুলজীবন থেকে ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় জুলেখার তনিমার বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল।

এ নিয়ে রিপন প্যাদার ভাই স্বপন প্যাদা আবজাল খানের বাড়িতে গিয়ে জুলেখাকে তনিমার বাড়িতে যাতায়াত করতে নিষেধ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রিপন প্যাদা, তার বাবা আলিল প্যাদা ও পরিবারের অন্য সদস্যরা আবজাল খান ও তার মেয়েকে মারধর করেন বলে অভিযোগ করা হয়।

আছমা আক্তার তার স্বামী ও মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। একই সময় তার গলায় থাকা প্রায় ১০ আনি ওজনের একটি স্বর্ণের চেইন বিপন প্যাদা ছিনিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয় লোকজন আহত আছমা আক্তারকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত স্বপন প্যাদা মারধরের ঘটনার কথা স্বীকার করে বলেন, প্রথমে আমাকে মারধর করা হয়েছে। এরপর আমরা পাল্টা মারধর করেছি।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মুহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ঘটনাটি সম্পর্কে আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।