নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বাংলা সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনের এ প্রথিতযশা ব্যক্তিত্বের প্রয়াণে নেমে এসেছে শোকের ছায়া।

শুক্রবার (১৯ জুন) এক শোকবার্তায় বিএফইউজে ও ডিইউজের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ বলেন, কবি আল মুজাহিদীর মৃত্যু বাংলা সাহিত্য এবং সাংবাদিকতা পেশার জন্য এক অপূরণীয় ক্ষতি। দীর্ঘ কর্মময় জীবনে তিনি সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে যে অবদান রেখে গেছেন, তা তাকে মানুষের হৃদয়ে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে। তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি মরহুমের সকল মানবিক ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের সুশীতল ছায়ায় স্থান দান করেন। একই সঙ্গে শোকাহত স্বজনদের এ গভীর শোক সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করেন।

শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি আল মুজাহিদী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী পলিন পারভীন, ছেলে শাবিব আল মুজাহিদী, মেয়ে মারিয়ামা জাবীন আল মুজাহিদী, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

১৯৪০ সালের ১৯ জুন টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন কবি আল মুজাহিদী। তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেন। একুশে পদকপ্রাপ্ত এ কবির প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। এর মধ্যে রয়েছে কুড়িটিরও বেশি কাব্যগ্রন্থ। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, ছোটগল্প এবং শিশুসাহিত্য রচনার মাধ্যমেও বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।