নান্দাইল প্রতিনিধি : , আপলোডের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

মধুপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক দ্রুত মেরামতের নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

মধুপুর থেকে দেওয়ানগঞ্জ মহাসড়কের বেহাল অবস্থা নিয়ে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা ও খানাখন্দের কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

এ পরিস্থিতির কথা জানার পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করেন। তিনি তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মহাসড়কটি দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, সড়কের বর্তমান অবস্থার কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি জানান, সড়ক মেরামত কার্যক্রম দ্রুত শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টির অগ্রগতি তিনি নিজেও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

এদিকে, কয়েক বছর আগে সড়কটির উন্নয়ন কাজের টেন্ডার সম্পন্ন হলেও কাজ বন্ধ থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। কেন ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন, তা খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, দ্রুত সংস্কার কাজ শুরু হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং মধুপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ফিরে আসবে।