ময়মনসিংহের নান্দাইলে পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় সমূর্ত্ত জাহান মহিলা কলেজ মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে এবং পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যেন ব্যক্তিস্বার্থে কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে।
তিনি আরও বলেন, নান্দাইলে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, জুয়া ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের কোনো স্থান হবে না।
জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ধারাবাহিকভাবে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলার রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব উন্নয়নকাজের সুফল অচিরেই দৃশ্যমান হবে। পাশাপাশি নান্দাইল উপজেলা ও পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও শান্তিপূর্ণ মডেল জনপদে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম। তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে রাজনীতি করে এসেছে। বিগত ১৭ বছর মামলা-হামলা ও গুম-নির্যাতনের মধ্যেও তিনি দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশ্বাস দেন।
এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহা এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম।
সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন, ফলে পুরো সমাবেশস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।