“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুকসুদ আলীর সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল।
বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা এবং তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।