মোঃ রাসেল মৃধা, বেতাগী (বরগুনা) প্রতিনিধি:  , আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

বেতাগীতে জনসেবায় আস্থা অর্জন, প্রশংসায় ইউএনও মুহ. সাদ্দাম হোসেন

বরগুনার বেতাগী উপজেলায় উন্নয়ন, জনসেবা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয় ভূমিকার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা নিয়মিত পরিদর্শন, চলমান উন্নয়নকাজ তদারকি এবং জনগণের অভিযোগের দ্রুত প্রতিকারে নেওয়া তাঁর নানা উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় রাস্তা, কালভার্ট ও খাল সংস্কার, পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সরাসরি অংশ নিতে দেখা গেছে ইউএনওকে। মাঠপর্যায়ে উপস্থিত থেকে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন তিনি।

সম্প্রতি কাজীর খালের বুড়ামজুমদার এলাকায় স্লুইসের মুখ সরু হয়ে যাওয়ায় জোয়ার-ভাটার স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হয় এবং মাছ মারা যাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পর ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙা লোহার পাটাতন অপসারণের উদ্যোগ নেন। ফলে পানির প্রবাহ স্বাভাবিক হলে স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে তিনি তালগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে দক্ষিণ ফুলতলা থেকে পুটিয়াখালী ব্রিজ পর্যন্ত খালের পাশ দিয়ে নির্মাণাধীন সড়কের কাজ পরিদর্শন করেন ইউএনও। এছাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কালভার্ট নির্মাণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক সংস্কার এবং মোকামিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পৌর এলাকার মাছ বাজারে যাতায়াত ব্যবস্থা উন্নয়ন, লঞ্চ টার্মিনাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পাবলিক টয়লেট চালু, ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমও উপজেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়ন করা হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফগার মেশিন বিতরণ এবং পৌর এলাকার বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক ও মেডিকেল সেন্টারের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

ইউএনও মুহ. সাদ্দাম হোসেন বলেন, “জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না। পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য বেতাগী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। জনগণের সমস্যা দ্রুত সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।”

বেতাগী উপজেলা সুজনের সভাপতি মো. সাইদুল ইসলাম মন্টু বলেন, “মানবিক ও জনবান্ধব একজন ইউএনও হিসেবে সাদ্দাম হোসেন অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। উন্নয়ন ও জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমে তাঁর আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়।”

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ইউএনও নিয়মিত মাঠপর্যায়ে উপস্থিত থেকে মানুষের সমস্যা শুনছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। এতে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে এবং উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে।