সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও সহজ, আধুনিক ও দ্রুত করতে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘ইন্টিগ্রেটেড কিউ ম্যানেজমেন্ট সিস্টেম’।
বুধবার সকালে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান ফিতা কেটে এই আধুনিক ডিজিটাল সেবার উদ্বোধন করেন।
নতুন এ ব্যবস্থার মাধ্যমে কনস্যুলেটে সেবা নিতে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পুরোনো ভোগান্তি থেকে মুক্তি পাবেন প্রবাসীরা। আগে যেখানে তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, এখন সেবাগ্রহীতারা প্রবেশমুখেই প্রয়োজনীয় সেবার ধরন অনুযায়ী একটি ডিজিটাল টোকেন নম্বর পাচ্ছেন।
টোকেন সংগ্রহের পর তারা শীতাতপ নিয়ন্ত্রিত ওয়েটিং রুমে স্বাচ্ছন্দ্যে অপেক্ষা করতে পারছেন। সেখানে স্থাপিত বড় টিভি স্ক্রিনে টোকেন নম্বর প্রদর্শনের পাশাপাশি ভয়েস অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে কোন নম্বর কাউন্টার বা কক্ষে যেতে হবে।
বর্তমানে এই ডিজিটাল ব্যবস্থার আওতায় ১৪টি ভিন্ন ক্যাটাগরির কনস্যুলার সেবা প্রদান করা হচ্ছে, যা সেবাপ্রাপ্তির পুরো প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও সময়সাশ্রয়ী করে তুলেছে।
নতুন এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সেবা নিতে আসা প্রবাসীরা। তারা বলেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট ও ভোগান্তির যে অভিজ্ঞতা ছিল, তা থেকে মুক্তি পাওয়ায় তারা কনস্যুলেট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।
উদ্বোধনী অনুষ্ঠানে কনস্যুলেট প্রধান ও মিশনের কর্মকর্তারা জানান, প্রবাসীদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করে দ্রুত ও মানসম্মত সেবা প্রদানই তাদের মূল লক্ষ্য। ‘ইন্টিগ্রেটেড কিউ ম্যানেজমেন্ট সিস্টেম’ চালুর ফলে কনস্যুলেটে যেমন শৃঙ্খলা বৃদ্ধি পাবে, তেমনি প্রবাসীদের মূল্যবান সময়ও সাশ্রয় হবে। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ সেবা প্রদানে ইতিবাচক পরিবর্তন আনবে।
ডিজিটাল বাংলাদেশ থেকে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। তাদের প্রত্যাশা, প্রযুক্তিনির্ভর এমন সেবার মাধ্যমে ভবিষ্যতে প্রবাসীদের প্রশাসনিক জটিলতা আরও কমে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।