নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬ , আজকের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নারীর স্বাবলম্বিতা ও ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা, পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা জোরদার করা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।

শনিবার (২৫ জুলাই) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাশহাঁটী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “সরকার এমন একটি পরিবারভিত্তিক সহায়তা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে প্রকৃত উপকারভোগীরা সহজে সরকারি সুবিধা পাবেন। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়ন, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সরকারি সহায়তা সঠিক মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।”

তিনি আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন করে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, উমর ফারুক নোমানী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, যুবদল নেতা কামরুজ্জামান রাসেল, আকরাম হোসেন ফেরদৌস, শাকিল মাহমুদসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে চন্ডীপাশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সম্মেলনস্থল। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনায় কর্মী সম্মেলনটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

বক্তারা বলেন, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একযোগে কাজ করতে হবে। সম্মেলন শেষে দলীয় কার্যক্রম আরও বেগবান করা এবং সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।