দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মোট ৪৩ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত একদিনে নতুন করে ৪৫৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ে সারাদেশে নতুন করে ৪৫৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৭২ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, খুলনা বিভাগে ৪৮ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশালে বিভাগে ৯৯ জন রয়েছেন।
চলতি বছরের ০১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে সর্বমোট ১৩ হাজার ৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন সর্বমোট ১১ হাজার ৯৩৭ জন রোগী।
এছাড়াও বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট এক হাজার ১১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।