মো: মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  , আপলোডের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন

বগুড়ার আদমদীঘি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম একাই একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন। জনবল সংকটের মধ্যেও তিনি উপজেলা প্রশাসনের কার্যক্রম সচল রেখে সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছেন।

জানা গেছে, নিয়মিত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বের পাশাপাশি তিনি বর্তমানে উপজেলা পরিষদের প্রশাসক ও সান্তাহার পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বও তার ওপর রয়েছে। উপজেলার ছয়টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা না থাকায় অতিরিক্ত দায়িত্বও তাকে সামলাতে হচ্ছে।

প্রতিদিন বিভিন্ন দপ্তরের কার্যক্রম তদারকি, উন্নয়ন সমন্বয় সভা, আইন-শৃঙ্খলা সভা, সরকারি কর্মসূচি ও জনসেবামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন তিনি। ব্যস্ততার মধ্যেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক আচরণের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, একজন নারী কর্মকর্তা হিসেবে একসঙ্গে এতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করা সত্যিই প্রশংসনীয়। তার নেতৃত্বে আদমদীঘি উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে।

এ বিষয়ে ইউএনও মাসুমা বেগম বলেন, আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে আমার ওপর অর্পিত সব দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করছি। উপজেলার উন্নয়নে সবার সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন।