নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : , আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ইয়াসের খান চৌধুরীর শোক প্রকাশ: নান্দাইলে বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা বাবু দীপক চন্দ্র রায়ের পরলোকগমন

ময়মনসিংহের নান্দাইল পৌর বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এবং নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব চন্দ্র রায়ের পিতা বাবু দীপক চন্দ্র রায় মঙ্গলবার বিকেলে নান্দাইল সদরস্থ নিজ বাসভবনে পরলোকগমন করেছেন।

দীর্ঘদিন ধরে রাজনীতি, মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠা এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে তিনি নান্দাইলবাসীর কাছে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাবু দীপক চন্দ্র রায়ের মৃত্যুতে সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় ইয়াসের খান চৌধুরী বলেন, “বাবু দীপক চন্দ্র রায় আমার মরহুম পিতা, সাবেক সংসদ সদস্য আনওয়ারুল হোসেন খান চৌধুরীর একজন বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন। রাজনীতিতে তাঁর সততা, নিষ্ঠা ও অসামান্য অবদান নান্দাইলবাসীর হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে আমি একজন প্রবীণ রাজনৈতিক অভিভাবককে হারালাম।”
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

এদিকে, বাবু দীপক চন্দ্র রায়ের মৃত্যুতে নান্দাইলের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।