মাহবুবুর রহমান বাবুল নান্দাইল প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর হাউজে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আন্তরিকভাবে কথা বলেন।

এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, জুলাই আন্দোলনে যারা দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, জাতি তাদের অবদান কখনো ভুলবে না। শহীদদের পরিবারের পাশে সরকার সবসময় রয়েছে এবং তাদের কল্যাণে ঘোষিত সব ধরনের সুযোগ-সুবিধা যথাযথভাবে পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

প্রতিমন্ত্রী শহীদ পরিবারের সদস্যদের কাছে জানতে চান, সরকার ঘোষিত ভাতা, আর্থিক সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা তারা সঠিকভাবে পাচ্ছেন কি না। পরিবারের সদস্যরা বিভিন্ন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আবেগঘন পরিবেশে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য প্রেরণা। শহীদ পরিবারের সদস্যদের যেকোনো সমস্যা সমাধানে এবং তাদের জীবনমান উন্নয়নে সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে।”

তিনি আরও বলেন, শহীদ পরিবারের সদস্যদের মর্যাদা ও সম্মান রক্ষায় সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও তাদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হবে।

মতবিনিময় শেষে জুলাই শহীদ পরিবারের সদস্যরা তাদের খোঁজখবর নেওয়া এবং আন্তরিকতার সঙ্গে পাশে থাকার আশ্বাস দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, সরকারের সহযোগিতায় তাদের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধান হবে এবং শহীদ পরিবারের সদস্যরা আরও নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করতে পারবেন।

এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।