মোঃ নজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬ , আজকের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জাহিদুল ইসলাম (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার হোগলাবুনিয়া গ্রামের রাস্তার পাশের একটি মেহগনি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাহিদুল ইসলাম হোগলাবুনিয়া গ্রামের বাসিন্দা মনিরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির অদূরে রাস্তার পাশের একটি মেহগনি গাছে জাহিদুল ইসলামের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী। খবর ছড়িয়ে পড়লে তাঁর স্বজনসহ শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয় চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।