মোঃ রাসেল মৃধা, বেতাগী (বরগুনা) প্রতিনিধি : , আপলোডের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬ , আজকের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ এবং ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকমুক্ত বেতাগী গড়ার লক্ষ্যে বরগুনার বেতাগীতে পুলিশ-জনতার অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় বেতাগী থানা মাঠে আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় ব্যাংক এশিয়া একাদশ ও বেতাগী থানা একাদশ। খেলায় পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশগ্রহণ করেন। নির্ধারিত ৯০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ব্যাংক এশিয়া একাদশ ১-০ গোলের ব্যবধানে বেতাগী থানা একাদশকে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন-অর-রশীদ হাওলাদার। তিনি বিজয়ী দলের অধিনায়ক শিশির কুমার সরকারের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। রানারআপ দলের পক্ষে ট্রফি গ্রহণ করেন বেতাগী থানার এএসআই মোঃ সুজন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, “মাদক আজ সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। পুলিশ শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয়, সমাজের ইতিবাচক পরিবর্তনেরও অংশীদার। মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর বেতাগী গঠনে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুজ্জামান। তিনি বলেন, “খেলাধুলা যুবসমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।”

আয়োজক সূত্রে জানা যায়, সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং পুলিশ-জনতার মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক, পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।