নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ , আজকের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিকদের গণছাঁটাই, ডিইউজের প্রতিবাদ

দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন থেকে সাংবাদিকদের গণহারে চাকুরিচ্যুতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

মঙ্গলবার (০৪ আগস্ট) ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক বিবৃতিতে এর প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকরা একটি সংবাদ মাধ্যমের প্রাণশক্তি। তাদের শ্রম, মেধা, ত্যাগ ও পেশাদারিত্বের ওপরই সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও সাফল্য নির্ভর করে। বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিকরা দীর্ঘদিনের কর্মের মধ্যদিয়ে সে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।

অথচ কোনো ধরনের গ্রহণযোগ্য প্রক্রিয়া কিংবা শ্রম আইন ও সাংবাদিকদের ন্যায্য অধিকার যথাযথভাবে বিবেচনায় না নিয়ে একযোগে বিপুলসংখ্যক সাংবাদিককে চাকুরিচ্যুতি অত্যন্ত অমানবিক, অন্যায় এবং শ্রম অধিকার পরিপন্থী। এ ধরনের সিদ্ধান্ত শুধু সংশ্লিষ্ট সাংবাদিকদের জীবন-জীবিকাকেই অনিশ্চয়তার মুখে ঠেলে দেয় না, বরং সমগ্র গণমাধ্যম শিল্পে ভয়, অনিশ্চয়তা ও অস্থিরতার পরিবেশ তৈরি করে।

সাম্প্রতিক সময়ে বসুন্ধরা মিডিয়া লিমিটেড কর্তৃক প্রকাশিত গণমাধ্যমগুলোয় শীর্ষ পদ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সাংবাদিকদের চাকরিচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়। সাংবাদিকরা কোনো প্রতিষ্ঠানের দলাদলি বা প্রশাসনিক সিদ্ধান্তের বলি হতে পারেন না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

অবিলম্বে চাকুরিচ্যুত সকল সাংবাদিককে স্ব স্ব পদে পুনর্বহাল, চাকরির ধারাবাহিকতা রক্ষা, প্রাপ্য সুযোগ-সুবিধা এবং আইনসম্মত সকল অধিকার নিশ্চিত করার জন্য বসুন্ধরা কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান ডিইউজে। একইসঙ্গে তারা সরকারের যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপও কামনা করেন।

ডিইউজে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, মর্যাদা ও শ্রম অধিকার রক্ষার প্রশ্নে ঢাকা সাংবাদিক ইউনিয়ন কোনো ধরনের আপস করবে না। এছাড়া নতুন করে কোনো সংবাদকর্মীকে চাকুরিচ্যুতির অপচেষ্টা করা হলে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে ডিইউজে।