যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহের নান্দাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ফটো কর্নারের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ আগস্ট) বিকেলে নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাঁদের সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। কোনো অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতির স্থান নেই। জনগণের অধিকার নিশ্চিত করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদ পরিবারের সদস্যদের স্বাবলম্বী করে তুলতে যা যা প্রয়োজন, সরকার তা করবে। তাঁদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি জুলাই যোদ্ধাদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রশংসা করে বলেন, তাঁদের অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ আল মামুন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, ঢাকা সমন্বয়ক সাইফুল ইসলাম, যুবদল নেতা আতিকুজ্জামান ভূঁইয়া নওফেল, ছাত্রদল নেতা পিয়াস হোসেন, জুলাই যোদ্ধা শেখ সাদী ও রানা হোসেন, শহীদ জুয়েল মিয়ার ছোট ভাই সোহেল মিয়া, বড় ভাই হযরত আলী এবং শহীদ জুবায়ের ইসলামের ছোট ভাই মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগ ও জুলাই যোদ্ধাদের বীরত্ব জাতিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি জোগাবে। তাঁদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের স্মরণে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং উপস্থিত অতিথিবৃন্দ। পরে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে নির্মিত ফটো কর্নারের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।