জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

তাড়াইলে মৃত ব্যক্তির কাফনের কাপড় কাটা ও হক বিষয়ক বাস্তব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির কাফনের কাপড় কাটা, সুন্নাহসম্মত গোসল, কাফন-দাফন এবং মৃত ব্যক্তির হক বিষয়ক বাস্তব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টায় রাউতি গাবতলা মোড়ে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মো. শাকিম মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মুফতি আব্দুল কাদির।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ কাচারী জামে মসজিদের ইমাম ও খতিব এবং তাবলীগ মারকাজের জিম্মাদার মাওলানা শাকের হোসাইন। তিনি বলেন, “মৃত ব্যক্তির হক যথাযথভাবে আদায় এবং সুন্নাহসম্মত পদ্ধতিতে গোসল, কাফন ও দাফনের নিয়ম সম্পর্কে অনেকেই বাস্তব জ্ঞান রাখেন না। ফলে অনেক সময় মৃত ব্যক্তির হক যথাযথভাবে আদায় করা সম্ভব হয় না। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হওয়া এবং প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা জরুরি।”

বক্তব্য শেষে তিনি উপস্থিতিদের হাতে-কলমে মৃত ব্যক্তির কাফনের কাপড় কাটার নিয়ম এবং সুন্নাহসম্মত গোসল, কাফন ও দাফনের পদ্ধতি বিষয়ে বাস্তব প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইমাম উলামা পরিষদ রাউতি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুফতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক, হযরত সাওদা (রা.) কওমি মহিলা মাদরাসার পরিচালক মাওলানা দেলাওয়ার হোসাইন, রাউতি মধ্যপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের, মো. আব্দুস সালাম, মো. নুর হোসেন ভূঁইয়া, মো. আহের উদ্দিন মেম্বার, মো. আবুল কালাম, মো. আবুল বাশার দুলু, মো. সাইফুল ইসলাম খান, মো. দিদার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় রাউতি মানবসেবা ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. সেকান্দর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. স্বপন মিয়া, দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক নাহিদুল আলম নাদিম, হযরত আলী, হাফিজ উদ্দিন, ইমন মিয়াসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আল্লাদ হোসেন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কর্মশালাকে সফল করতে সহযোগিতাকারীদের ধন্যবাদ জানান। পরে সঞ্চালক মুফতি আব্দুল কাদির সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, রাউতি মানবসেবা ফাউন্ডেশনের কার্যালয়ে মৃত ব্যক্তির কাফনের কাপড়সহ দাফন-সম্পর্কিত প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে সাধারণ মানুষের জন্য সরবরাহ করা হয়।